ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট এলাকার ঝংকার মোড়ে চট্টগ্রাম–খাগড়াছড়ি সড়কের পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনার স্তূপে চরম দুর্ভোগে পড়েছেন পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা। তীব্র দুর্গন্ধে এলাকাটি দিয়ে চলাচল প্রায় অসহনীয় হয়ে উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝংকার মোড়সংলগ্ন বিভিন্ন দোকানপাটের বর্জ্য এবং পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের সংগৃহীত ময়লা নিয়মিতভাবে এখানে ফেলা হয়। তবে দ্রুত অপসারণের কার্যকর ব্যবস্থা না থাকায় দিনের পর দিন এসব বর্জ্য জমে বড় স্তূপে পরিণত হয়েছে।
চট্টগ্রাম–খাগড়াছড়ি সড়কটি একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ হওয়ায় প্রতিদিন হাজার হাজার যানবাহন ও মানুষ এ পথে চলাচল করেন। কিন্তু ময়লার দুর্গন্ধ ও নোংরা পরিবেশের কারণে যাত্রী ও পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। পাশাপাশি পরিবেশ দূষণ বাড়ার পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।
ভুক্তভোগী ব্যবসায়ী ও পথচারীরা জানান, দীর্ঘদিন ধরে সমস্যাটি বিদ্যমান থাকলেও এর স্থায়ী সমাধানে কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। তারা দ্রুত ময়লা অপসারণ এবং নির্দিষ্ট ডাম্পিং ব্যবস্থার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ঝংকার মোড়কে ময়লামুক্ত করে একটি স্বাস্থ্যসম্মত ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করা হবে।
চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন






