চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত জমিরিয়া হোসানীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও বিশিষ্ট আলেম মাওলানা সেলিম উল্লাহ (৭০) ইন্তেকাল করেছেন। তিনি দক্ষিণ ফটিকছড়ি ওলামা পরিষদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে রাজধানীর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ জানুয়ারি বিকেলে ফটিকছড়ি উপজেলার শান্তিরহাট এলাকার উত্তর নিশ্চিন্তপুরে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে আলী হোসেনের ছেলে মো. মোজাহার দেশীয় অস্ত্র দিয়ে মাওলানা সেলিম উল্লাহর ওপর অতর্কিত হামলা চালায়। এতে তার মাথা, মুখ ও নাকসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয় এবং তিনি প্রচুর রক্তক্ষরণে আক্রান্ত হন। হামলার পর অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
প্রথমে আহত মাওলানাকে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের ছেলে মো. আজিজ উল্লাহ অভিযোগ করে বলেন, তার পিতাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি আরও জানান, ঘটনার পর থেকে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিরা তাদের পরিবারকে নানা ধরনের হুমকি দিয়ে আসছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে ফটিকছড়ি থানায় ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য তৌহিদুল আলম বলেন, এটি একটি নৃশংস সন্ত্রাসী হামলা। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ঘটনার পর থেকে অভিযুক্ত মোজাহারের পরিবার আত্মগোপনে রয়েছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





