ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে সড়কে সিএনজি অটোরিকশা থামিয়ে যাত্রীদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার গহিরা-হেয়াকো সড়কের ভূজপুর ন্যাশনাল স্কুলের কিছুটা সামনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
জানা যায়, ছিনতাইয়ের শিকার যাত্রীরা ফটিকছড়ির নারায়ণহাট এলাকার বাসিন্দা। তারা সকালে বিবিরহাট এলাকায় এক প্রবাসীকে বিদায় জানাতে এসেছিলেন। পরে বিবিরহাট থেকে সিএনজি অটোরিকশাযোগে নারায়ণহাটের বাড়িতে ফেরার পথে মোটরসাইকেলে আসা কয়েকজন তাদের সিএনজি অটোরিকশার গতিরোধ করেন।
এ সময় ওই ব্যক্তিরা যাত্রীদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ করা হয়েছে।
খবর পেয়ে ভূজপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে।
ওসি বিপুল চন্দ্র দে বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/ফরিদ/এমকেএন






