ফটিকছড়িতে রাস্তার পাশে মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রক্তছড়ি চা বাগান এলাকার পূর্ব পাশে মাইচ্ছের ছোলা এলাকায় রাস্তার ধারে এক মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম মুজিবুর রহমান (২৮)। তবে ঘটনাস্থলে তার ব্যবহৃত মোটরসাইকেলটি পাওয়া যায়নি।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে জনপ্রতিনিধি ও পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নিহত মুজিবুর রহমান ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাছি মিয়া পল্লান বাড়ির বাসিন্দা। তিনি কৃষক নুরুল আলমের ছেলে এবং ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

স্থানীয় সাবেক ইউপি সদস্য আবু তাহের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে মারধর করে হত্যা করা হয়েছে। সম্ভবত শনিবার রাতে এই ঘটনা ঘটে থাকতে পারে।

সহকর্মী মোটরসাইকেল চালক পিয়ারু বলেন, মুজিব অত্যন্ত শান্ত ও ভালো স্বভাবের ছেলে ছিল। তার সঙ্গে কারও কোনো বিরোধ বা শত্রুতা ছিল বলে জানা নেই।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মুজিব তেমুহনি বাজার এলাকায় ইসমাইলের গ্যারেজ থেকে তার অনটেস্ট মোটরসাইকেলটি মেরামত শেষে নিয়ে যান। এরপর আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমান জানান, নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ও অতিরিক্ত রক্তক্ষরণ দেখা গেছে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top