ফটিকছড়িতে যৌথ অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি: জনস্বার্থে অত্যাবশ্যকীয় পণ্যের অবৈধ মজুত, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ এবং ভোজ্য তেল মজুদের মতো অনিয়ম প্রতিরোধে চট্টগ্রামের ফটিকছড়িতে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেন।

অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারার আওতায় দুইটি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় একটি দোকানকে ৩০ হাজার টাকা এবং অপর একটি দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ পণ্যসমূহ ধ্বংস করা হয়।

অভিযানে অংশগ্রহণকারী কর্মকর্তারা জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি এবং ভোক্তাদের সঙ্গে প্রতারণা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অন্যান্য ব্যবসায়ীদের অবৈধভাবে পণ্য মজুত না করার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ রক্ষায় নিয়মিত মনিটরিং ও অভিযান পরিচালনা করা হবে।

চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন

Scroll to Top