ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশু ও মৎস্য খামার মালিকের মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নে একটি মৎস্য খামারের পুকুরে ডুবে আড়াই বছর বয়সী এক শিশু ও তাকে উদ্ধার করতে গিয়ে খামার মালিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ডলু নয়াবাজার আর্মি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৎস্য খামারের পুকুরে নৌকায় থাকা তিন শিশু অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। এ সময় খামারের মালিক মফিজ দ্রুত পানিতে নেমে দুই শিশুকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। তবে আড়াই বছর বয়সী শিশু মুনতাহিনা পানিতে নিখোঁজ হয়ে যায়।

নিখোঁজ শিশুটিকে উদ্ধারের জন্য আবারও পানিতে নামেন খামার মালিক মফিজ। এ সময় তিনিও পানির নিচে তলিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, দীর্ঘ প্রায় তিন ঘণ্টা খোঁজাখুঁজির পর শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালেও ডুবুরি না থাকায় কার্যকর উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি।

এই ঘটনায় শিশু মুনতাহিনা ও খামার মালিক মফিজের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চাটগাঁ নিউজ/ফরিদ/এমকেএন

Scroll to Top