ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নে ধান রোপণের কাজ করতে গিয়ে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষিশ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ রবিবার (১৯ জুলাই) বিকেল প্রায় ৩টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাদার্সা পশ্চিম পাশে ফটিকছড়ি বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভূজপুর ইউনিয়নের মীরেরখিল এলাকার মাহাবুল আলমের ছেলে মোহাম্মদ (২৮) এবং একই এলাকার আবুল কাশেমের ছেলে আবুল হাশেম (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, হাজী সাহেবের মালিকানাধীন একটি জমিতে শ্রমিক হিসেবে ধান রোপণের কাজ করছিলেন ইউনুছ ও হাশেম। এ সময় হঠাৎ একটি বিদ্যুতের তার ছিঁড়ে জমির ওপর পড়লে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা।
এদিকে, দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা অতিবাহিত হলেও পুলিশ বা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধারের উদ্যোগ নেননি বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত তথ্য সংগ্রহের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/আনোয়ার/জেএইচ






