ফটিকছড়িতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসনের অভিযান

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক ও সুশৃঙ্খল রাখতে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং কোনো ধরনের কৃত্রিম সংকট প্রতিরোধে বুধবার বিকেলে পরিচালিত হয় বিশেষ অভিযান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন ও সংশ্লিষ্ট বিক্রয়কেন্দ্র পরিদর্শন করা হয়। এ সময় জ্বালানি তেলের মজুত, বিক্রয় ও সরবরাহ কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করা হয়।

অভিযান চলাকালে অতিরিক্ত মজুত, অনিয়ম কিংবা কৃত্রিম সংকট সৃষ্টির কোনো চেষ্টা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনসাধারণের ভোগান্তি এড়াতে এবং বাজার ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

এদিকে ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম চালকদের প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল সংগ্রহ থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সচেতনতা জরুরি। অপ্রয়োজনীয় মজুত বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে।

উপজেলা প্রশাসনের এ উদ্যোগে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতিবাচক প্রভাব পড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top