ফটিকছড়িতে জুয়ার আসর গুঁড়িয়ে দিল পুলিশ

ফটিকছড়ি প্রতিনিধি: দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হিসেবে পরিচিত হালদা নদীর তীরবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে চলা অবৈধ জুয়ার আসরে সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে জুয়ার আসরটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হলেও কাউকে হাতেনাতে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ সূত্রে জানা যায়, হালদা নদীর তীরবর্তী নাছির মোহাম্মদ ঘাটের পশ্চিম পাশে একটি নির্জন স্থানে পলিথিন ও বাঁশ দিয়ে অস্থায়ী শেড তৈরি করে একটি চক্র নিয়মিত জুয়ার আসর বসাত। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করে।

সোমবার (১৩ মার্চ) দুপুরে ফটিকছড়ি থানা ও ভূজপুর থানা পুলিশের একটি বিশেষ দল যৌথভাবে এ অভিযান চালায়। অভিযানে জুয়াড়িদের আস্তানাটি আগুনে পুড়িয়ে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম জানান, হালদার পাড়ে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সহ্য করা হবে না। এই জুয়ার আসরের কারণে এলাকার যুবসমাজ বিপথে যাচ্ছিল এবং চুরি-ছিনতাইয়ের মতো অপরাধ বৃদ্ধি পাচ্ছিল। জুয়ার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, হালদা নদীর তীরে নিয়মিত পুলিশি টহল জোরদার করা হলে ভবিষ্যতে এ ধরনের অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধ করা সম্ভব হবে।

চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন

Scroll to Top