চাটগাঁ নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড নিয়ে আলোচনায় আসা টাঙ্গাইলের সেই ভাইরাল কৃষক কবির হোসেন আর নেই।
মঙ্গলবার (২৩ জুন) রাত ৮টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৫০ বছর।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঘারিন্দা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ কবিরুজ্জামান ডল।
কবির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।
এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে তিনি শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
কবির হোসেন টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারাটিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। সম্প্রতি টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। কৃষি সহায়তা ও কৃষক কার্ড বিষয়ে দেওয়া সেই বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মহলে আলোচনার বিষয় হয়ে ওঠে।
তবে ওই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারও ছড়ানো হয়। কেউ কেউ দাবি করেন, তিনি প্রকৃত কৃষক নন। পরে সাংবাদিক ও কৃষি বিভাগের কর্মকর্তারা তার বাড়ি ও কৃষিজমি পরিদর্শন করে তাকে একজন সক্রিয় কৃষক হিসেবে নিশ্চিত করেন। এরপরও সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ব্যবহার করে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর প্রচারণা চালানো হয়।
চাটগাঁ নিউজ/জেএইচ





