ক্রীড়া ডেস্ক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম কার্যদিবসেই ৯ দফা কর্মসূচি ঘোষণা করেছেন আমিনুল হক।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে আনুষ্ঠানিকভাবে এ কর্মপরিকল্পনা তুলে ধরেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন চারটি গুরুত্বপূর্ণ সংস্থা—জাতীয় ক্রীড়া পরিষদ, ক্রীড়া পরিদপ্তর, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এবং ক্রীড়া কল্যাণ ফাউন্ডেশন—কে সমন্বয় করে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
ফুটবল ও ক্রিকেটের বাইরে অন্যান্য খেলায় যুক্ত খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বাড়ানোর ওপর জোর দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, জাতীয় দলের সব খেলোয়াড়কে বেতনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে এবং খেলাধুলাকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়েও কাজ করা হবে। এ লক্ষ্যে মন্ত্রণালয়ের ক্রীড়া অনুবিভাগ-১ ও ২, জাতীয় ক্রীড়া পরিষদ এবং বিকেএসপি সমন্বিতভাবে কাজ করবে।
এছাড়া চতুর্থ শ্রেণি থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলা বাধ্যতামূলক করার বিষয়টি সংশ্লিষ্ট সংস্থাগুলো তদারকি করবে বলেও জানান তিনি।
দেশে খেলাধুলার সরঞ্জাম উৎপাদন বাড়িয়ে ভবিষ্যতে রপ্তানির পরিকল্পনাও রয়েছে সরকারের। এ উদ্যোগ বাস্তবায়নে মন্ত্রণালয় ও ক্রীড়া পরিদপ্তর একসঙ্গে কাজ করবে। খেলোয়াড়দের প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় অর্থায়নের ব্যবস্থাও জোরদার করা হবে।
ফেডারেশনগুলোকে আর্থিকভাবে শক্তিশালী করতে ব্যাংক ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর সম্পৃক্ততা বাড়ানোর পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। একেকটি ব্যাংক বা প্রতিষ্ঠানকে নির্দিষ্ট খেলা বা ফেডারেশনের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। এ দায়িত্ব পালন করবে মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদ।
খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে উপজেলা পর্যায়ে ক্রীড়া অফিস স্থাপন ও ক্রীড়া কর্মকর্তা নিয়োগের পরিকল্পনা রয়েছে। বিষয়টি দেখভাল করবে ক্রীড়া পরিদপ্তর। পাশাপাশি দেশের ৬৪ জেলায় ইনডোর ভিলেজ স্থাপনের দায়িত্ব দেওয়া হয়েছে বিকেএসপিকে।
দায়িত্ব গ্রহণের পর মিরপুর পল্লবী এলাকায় নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আমিনুল হক ক্রীড়া উন্নয়নে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন। তিনি ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আগ্রহ প্রকাশ করেন।
এ ধারাবাহিকতায় আগামী রোববার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান এ বিষয়ে তিনটি ক্রীড়া সাংবাদিক সংগঠনের কাছে চিঠি পাঠিয়েছেন।
চাটগাঁ নিউজ/এমকেএন





