চাটগাঁ নিউজ ডেস্ক: দেশের ইতিহাসে প্রথমবারের মতো কারাবন্দিরা জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করছেন নিবন্ধিত বন্দিরা। এ কার্যক্রমের আওতায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এ পর্যন্ত ৩২০ জন বন্দী ভোট দিয়েছেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে এ বিশেষ ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়।
শনিবার (৭ ফেব্রুয়ারি) পর্যন্ত কারাগারে নিবন্ধিত ৩৭৯ জন বন্দীর মধ্যে ৩২০ জন ভোট দিয়েছেন। অবশিষ্ট বন্দিদের ভোট গ্রহণ রোববার (৮ ফেব্রুয়ারি) সম্পন্ন করা হবে। একই সঙ্গে বন্দিরা চলমান সংস্কার–সংক্রান্ত গণভোটেও অংশ নিচ্ছেন।
চট্টগ্রামের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ৩৭৯ জন বন্দী নিবন্ধন করেছেন। গত ৩ ফেব্রুয়ারি থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার পর্যন্ত প্রায় ৩২০ জন ভোট দিয়েছেন। বাকিদের ভোট রোববার গ্রহণ করা হবে।
ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কে কারা কর্তৃপক্ষ জানায়, প্রতিটি নিবন্ধিত বন্দিকে একটি প্যাকেটে তিনটি খাম দেওয়া হচ্ছে। এর মধ্যে একটি জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার এবং গণভোটের জন্য ‘হ্যাঁ’ ও ‘না’—এই দুটি বিকল্পসহ পৃথক ব্যালট পেপার রয়েছে।
ভোট প্রদান শেষে বন্দিরা খামগুলো সিল করে কারা কর্তৃপক্ষের কাছে জমা দেন। পরে ডাক বিভাগের এক্সপ্রেস সার্ভিসের মাধ্যমে সেগুলো নির্বাচন কমিশনে পাঠানো হয়।
নির্বাচন কমিশন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার সাধারণ ভোটের সঙ্গে পোস্টাল ব্যালট যুক্ত করে চূড়ান্ত ফল ঘোষণা করবে। এ লক্ষ্যে নির্বাচন কমিশনের বিশেষ অ্যাপের মাধ্যমে কারা কর্তৃপক্ষের সহায়তায় গত ৫ জানুয়ারি পর্যন্ত তিন সপ্তাহব্যাপী অনলাইন নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হয়।
চাটগাঁ নিউজ/এমকেএন





