আন্তর্জাতিক ডেস্ক: ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরানে পাঠানো উত্তেজনা প্রশমনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ‘নতজানু’ করে পরাজয় স্বীকার ও ক্ষতিপূরণ দিতে বাধ্য না করা পর্যন্ত শান্তির সময় আসেনি। খবর রয়টার্সের।
মঙ্গলবার (১৭ মার্চ) এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানান। তিনি বলেন, সর্বোচ্চ নেতা দায়িত্ব নেওয়ার পর প্রথম বৈদেশিক নীতিবিষয়ক বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক কঠোর অবস্থান নিয়েছেন। তবে তিনি সরাসরি নাকি ভার্চুয়ালি বৈঠকে অংশ নিয়েছেন সেটি নিশ্চিত করেননি।
ওই কর্মকর্তা জানান, অন্তত দুটি মধ্যস্থতাকারী দেশ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমানো বা যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। তবে প্রস্তাবগুলোর বিস্তারিত বা মধ্যস্থতাকারী দেশগুলোর নাম প্রকাশ করা হয়নি।
ইরানের সর্বোচ্চ নেতা জবাবে জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ‘নতজানু’ করে পরাজয় স্বীকার ও ক্ষতিপূরণ আদায় না করা পর্যন্ত শান্তির কোনো সুযোগ নেই। ইসলামী প্রজাতন্ত্র ইরানে রাষ্ট্রীয় সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সর্বোচ্চ নেতারই চূড়ান্ত কর্তৃত্ব রয়েছে।
নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার এক সপ্তাহ পেরিয়ে গেলেও তাঁর নতুন কোনো ছবি প্রকাশ করা হয়নি। ধর্মীয় নেতাদের একটি পরিষদ তাঁকে তাঁর বাবা আয়াতুল্লাহ আলী খামেনির স্থলাভিষিক্ত করে। ইরানের কয়েকজন কর্মকর্তা দাবি করেছেন, হামলায় তাঁর বাবা নিহত হওয়ার সময় তিনি সামান্য আহত হন। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, তাঁর আঘাত গুরুতর ছিল।
এদিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। এতে অন্তত দুই হাজার মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। পরিস্থিতি দ্রুত অবসানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখনো অনেকাংশে বন্ধ রয়েছে। এটি পুনরায় চালু করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে মিত্র দেশগুলো সাড়া দেয়নি। ফলে জ্বালানি দামের ঊর্ধ্বগতি ও বৈশ্বিক মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ বেড়েছে।
গত সপ্তাহে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বার্তায় নতুন সর্বোচ্চ নেতা বলেন, ‘শত্রুদের’ ওপর চাপ তৈরির কৌশল হিসেবে হরমুজ প্রণালি বন্ধ রাখা উচিত।
এর আগে, মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলো ইরান যুদ্ধের অবসানে কূটনৈতিক আলোচনা শুরু করতে উদ্যোগ নিলেও ট্রাম্প প্রশাসন তা নাকচ করে দিয়েছে বলে জানা গেছে।
সূত্র: রয়টার্স
চাটগাঁ নিউজ/জেএইচ
আরও আন্তর্জাতিক খবর পড়ুন – চাটগাঁ নিউজ আন্তর্জাতিক

লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে





