চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের পতেঙ্গায় তিনটি খাবারের প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৬ আগস্ট) পতেঙ্গা এলাকায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ার পর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী জরিমানা করা হয়।
অভিযানে সবচেয়ে বেশি ৬০ হাজার টাকা জরিমানা করা হয় হোটেল পতেঙ্গাকে। প্রতিষ্ঠানটিতে পোড়া তেল দিয়ে খাবার রান্না, বাসি গ্রিল করা খাবার কাঁচা মাছ ও মাংসের সঙ্গে সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়।
এ ছাড়া চাটগাঁও রান্নাঘরকে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ১০ হাজার টাকা এবং ভ্যালেন্সিয়া ফুড কর্নারকে অস্বাস্থ্যকরভাবে ফ্রিজে বিভিন্ন খাদ্য সংরক্ষণ ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে চট্টগ্রাম বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্লাহ বলেন, নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। আজকের অভিযানে একাধিক প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জনস্বার্থে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





