পৃষ্ঠপোষকতার অর্থনীতি পরিচালনা করতে দেওয়া যাবে না: অর্থমন্ত্রী

চাটগাঁ নিউজ ডেস্ক: নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে আর পৃষ্ঠপোষকতার ভিত্তিতে অর্থনীতি পরিচালনা করতে দেওয়া যাবে না। তিনি জোর দিয়ে বলেন, অর্থনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা সন্তোষজনক নয়। তাই সবার আগে প্রতিষ্ঠানগুলোকে কীভাবে পুনরুজ্জীবিত করা যায়, সে বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হবে। তিনি বলেন, প্রতিষ্ঠানে পেশাদারিত্ব প্রতিষ্ঠা, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই। এসব উপাদান অনুপস্থিত থাকলে বড় কোনো কর্মসূচিও কাঙ্ক্ষিত ফল দেবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতি হতে হবে সবার জন্য। একটি সমতাভিত্তিক পরিবেশ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে, যাতে দেশের প্রতিটি নাগরিক অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ পায় এবং তার সুফল ভোগ করতে পারে।

নিয়ন্ত্রণ শিথিল করার ইঙ্গিত দিয়ে অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি ইতোমধ্যে অতিরিক্ত নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। পৃষ্ঠপোষকতাভিত্তিক রাজনীতির কারণে অনেক ক্ষেত্রে ‘ওভার রেগুলেশন’ তৈরি হয়েছে। পরিস্থিতি বদলাতে হলে গুরুত্বের সঙ্গে ডিরেগুলেশন করতে হবে এবং লিবারালাইজেশনের পথে এগোতে হবে।

তিনি বলেন, অর্থনীতিতে অংশগ্রহণ ও সুবিধা ভোগের ক্ষেত্রে সবার সমান অধিকার নিশ্চিত করাই হবে সরকারের লক্ষ্য।

উল্লেখ্য, আমীর খসরু মাহমুদ চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য এবং ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top