পিকআপ ভ্যান খাদে পড়ে প্রাণ গেল ৪ জনের

চাটগাঁ নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় নারীসহ চারজন নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, নিহতরা নিকটাত্মীয়।

রোববার (২২ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার আন্দিউড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশের খাদ থেকে দুর্ঘটনাকবলিত একটি পিকআপ ভ্যানসহ চারজনের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশ।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, পানিতে থাকা পিকআপ ভ্যানটির ভেতর থেকে এক নারী ও তিন পুরুষের লাশ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে কোনো গাড়ির ধাক্কায় কিংবা নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি খাদে পড়ে যায়।

তিনি আরও বলেন, গাড়িতে বাড়ির আসবাবপত্র ও মালামাল ছিল। ধারণা করা হচ্ছে, নিহতরা একই পরিবারের সদস্য বা নিকটাত্মীয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, নিহতদের বাড়ি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায়।

তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নিহতদের লাশ হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top