পরীক্ষায় প্রশ্ন ফাঁসরোধে কঠোর পদক্ষেপ নেয়া হবে: শিক্ষামন্ত্রী

চাটগাঁ নিউজ ডেস্ক: আসন্ন এসএসসি ও অন্যান্য পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁসরোধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে কেন্দ্র সচিবদের ফোন নম্বর ট্র্যাকিংয়ের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার।

আজ শুক্রবার (১০ এপ্রিল) সকালে চট্টগ্রাম কলেজ মিলনায়তনে চট্টগ্রাম শিক্ষা বোর্ড আয়োজিত কেন্দ্র সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, ‘দুর্নীতির প্রমাণ পেলে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।’

তিনি বলেন ‘পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে নেওয়া হবে সব ধরনের ব্যবস্থা। উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রেও মান নিশ্চিত করতে দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব’।

অতীতের স্বচ্ছতার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশে একবারও প্রশ্নপত্র ফাঁস হয়নি। এসময় তিনি সারাদেশে অভিন্ন বা একক প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা নেওয়ার বিষয়ে সরকারের পরিকল্পনার কথা জানান।

এদিকে, নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এবার বিশেষ কড়াকড়ি আরোপ করছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড। পরীক্ষা চলাকালীন নজরদারির জন্য পরিদর্শন দল বা ভিজিল্যান্স টিমের সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে করা হয়েছে ৭৬টি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরী, সচিব অধ্যাপক ড. এ কে এম সামছু উদ্দিন আজাদ এবং পরীক্ষা নিয়ন্ত্রকসহ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top