পরিত্যক্ত মর্টারের গোলা বিস্ফোরণে মিয়ানমারের কিশোর নিহত

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের শূন্য লাইনে পরিত্যক্ত মর্টারের গোলা বিস্ফোরণে মিয়ানমারের এক কিশোর নিহত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়ন–এর তুইঙ্গাঝিরি সীমান্তসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও সীমান্ত সূত্রে জানা যায়, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর তুইঙ্গাঝিরি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার আন্তর্জাতিক শূন্য লাইনের নিকটবর্তী একটি পাহাড়ি জুমে কাজ করার সময় মিয়ানমারের এক কিশোর মাটির নিচে থাকা একটি পরিত্যক্ত মর্টারের গোলা খুঁজে পায়। পরে সেটি নাড়াচাড়া করার একপর্যায়ে গোলাটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত কিশোরের নাম সতনাইং তঞ্চঙ্গা (১২)। সে মিয়ানমারের নাগরিক এবং সীমান্তবর্তী বাইশফাঁড়ী গ্রামের পশ্চিম পাড়ায় বসবাস করত। তার পিতার নাম কিংহলা তঞ্চঙ্গা।

সূত্র জানায়, ঘটনাটি তুইঙ্গাঝিরি বিওপি থেকে প্রায় ৩ কিলোমিটার দক্ষিণে এবং সীমান্ত পিলার-৩৯-এর নিকটবর্তী শূন্য লাইনের কিছুটা মিয়ানমারের অভ্যন্তরে সংঘটিত হয়। বিস্ফোরণের পর স্থানীয়রা নিহত কিশোরের মরদেহ উদ্ধার করে বাইশফাঁড়ী গ্রামে নিয়ে যায়। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এস. খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে এবং শূন্য লাইনে সাধারণ মানুষকে না যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

চাটগাঁ নিউজ/ইলিয়াস/এমকেএন

Scroll to Top