চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরে প্রথমবারের মতো সাইকেল ট্র্যাক নির্মাণের উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। পতেঙ্গা সমুদ্র সৈকত ও বিমানবন্দর সংলগ্ন সড়কের পাশে এই সাইকেল ট্র্যাক গড়ে তোলা হচ্ছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বিমানবন্দর এলাকায় চলমান সড়ক উন্নয়ন কাজ পরিদর্শনকালে মেয়র এ তথ্য জানান।
তিনি বলেন, প্রকল্পের আওতায় রাস্তার মাঝখানে কার্বস্টোন দিয়ে মিড-আইল্যান্ড নির্মাণ, দুই পাশে দৃষ্টিনন্দন ফুটপাত এবং এক পাশে ল্যান্ডস্কেপিং ওয়াকওয়ে সহ আলাদা সাইকেল লেন রাখা হবে।
মেয়র জানান, নগরবাসী ও পর্যটকদের জন্য নিরাপদ, পরিবেশবান্ধব এবং আধুনিক যোগাযোগব্যবস্থা গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য আন্তর্জাতিক মানের যোগাযোগব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যেই বিমানবন্দর ও পতেঙ্গা এলাকা আধুনিকায়নের আওতায় আনা হয়েছে।
তিনি আরও বলেন, বিমানবন্দর এলাকা নগরের একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। প্রতিদিন বহু দেশি-বিদেশি যাত্রী এই সড়ক ব্যবহার করেন। তাই এখানে নান্দনিক ও টেকসই অবকাঠামো গড়ে তোলা সময়োপযোগী সিদ্ধান্ত। সাইকেল ট্র্যাক নির্মিত হলে পরিবেশবান্ধব যাতায়াত যেমন উৎসাহিত হবে, তেমনি পর্যটন খাতেও নতুন সম্ভাবনা তৈরি হবে।
পতেঙ্গা সমুদ্র সৈকত বর্তমানে নগরের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র উল্লেখ করে মেয়র বলেন, সৈকত ও বিমানবন্দর সড়ক সংযুক্ত সাইকেল লেন চালু হলে দর্শনার্থীরা সহজে সমুদ্রতীর ঘুরে দেখতে পারবেন। এতে যানজট ও বায়ুদূষণ কমবে এবং স্বাস্থ্যসচেতন জীবনযাপনে মানুষ উৎসাহিত হবেন।
তিনি বলেন, উন্নত বিশ্বের বিভিন্ন শহরে সাইকেল লেন নগর পরিকল্পনার অপরিহার্য অংশ। চট্টগ্রামেও ধাপে ধাপে আধুনিক নগর ব্যবস্থাপনা বাস্তবায়ন করা হবে। প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। পাশাপাশি নির্মাণকাজে জনভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করেন।
পরিদর্শনকালে চসিকের প্রকৌশলী মোহাম্মদ আলী, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাজী মো. সিরাজ উল্লাহ, যুবদল নেতা মোহাম্মদ মুছাসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/এমকেএন






