পতেঙ্গায় বাল্কহেডে অভিযান: ৫ কোটি টাকার ইয়াবাসহ পাঁচজন আটক

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)। অভিযানে প্রায় ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কর্ণফুলী নদীর তীরবর্তী ওই এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। পরে নগরের বহদ্দারহাটে র‍্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

আটক ব্যক্তিরা হলেন—মো. ইমরান (২১), মো. আনিস (২৯), মো. মনির হোসেন (৪৫), মো. আলী (৪৭) ও মো. রুবেল (২৭)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মিয়ানমার থেকে সমুদ্রপথে একটি বাল্কহেড জাহাজে করে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম নগরে আনা হচ্ছে। তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল বাল্কহেডটির গতিবিধি নজরদারিতে রাখে। একপর্যায়ে জাহাজটি পতেঙ্গার ১৫ নম্বর ঘাট এলাকায় নোঙর করলে অভিযান চালানো হয়।

এ সময় নৌকা থেকে কয়েকজন পালানোর চেষ্টা করলে র‍্যাব সদস্যরা ধাওয়া করে পাঁচজনকে আটক করেন। পরে বাল্কহেডটির ইঞ্জিন রুমে তল্লাশি চালিয়ে দুটি প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‍্যাবের তথ্য অনুযায়ী, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তিরা বাল্কহেডে শ্রমিক হিসেবে কাজ করতেন এবং নির্দিষ্ট স্থানে মাদক পৌঁছে দেওয়ার দায়িত্বে ছিলেন। এ কাজের জন্য প্রত্যেকে প্রায় ১৫ হাজার টাকা করে পারিশ্রমিক পাওয়ার কথা ছিল।

র‍্যাব কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারণে পাচারকারীরা এখন সমুদ্র ও নদীপথকে বিকল্প রুট হিসেবে ব্যবহার করছে। আটক ব্যক্তিদের পতেঙ্গা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে এই চক্রের মূল হোতাদের শনাক্ত করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

চাটগাঁ নিউজ/এমকেএন

আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top