চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে একটি সক্রিয় ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ মার্চ) রাতে পতেঙ্গার খেজুরতলা মাদ্রাসাগলি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
বিষয়টি আজ বুধবার (১ এপ্রিল) নিশ্চিত করেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আহম্মেদ।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আবুল কালাম স্বপন (৩৫), মো. আরিফ (৩১) ও মো. ইমরান (২৫)।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস তল্লাশি করে ৮টি মোবাইল ফোন, নগদ ২১ হাজার ৭০০ টাকা, ২টি অটো সুইচ গিয়ার, ২টি চাপাতি, একটি ওয়াকিটকি, ৪টি ভিন্ন নম্বর প্লেট, একটি স্টিলের ছোরা জব্দ করা হয়।
পুলিশের দাবি, আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ডাকাতচক্রের সদস্য এবং তাদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় খুন, ডাকাতি ও চাঁদাবাজিসহ অন্তত ১০টি মামলা রয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চাটগাঁ নিউজ/এমকেএন






