পটিয়ায় ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষ, আহত ২

চাটগাঁ নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের একটি ভোটকেন্দ্রের বাইরে সহিংসতার অভিযোগ পাওয়া গেছে। দাঁড়িপাল্লা প্রতীকের তিন সমর্থককে মারধরের অভিযোগ উঠেছে বিএনপির কর্মীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের পূর্ব রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

এতে রুহান (২১) ও মো. ইব্রাহিম (৩৮) মাথায় আঘাত পান। আহত অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি।

ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার নাজিম উদ্দিন বলেন, ঘটনাটি ভোটকেন্দ্রের বাইরে ঘটেছে। কেন্দ্রের ভেতরে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। যেহেতু ঘটনাটি কেন্দ্রের বাইরে, এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী বিস্তারিত জানাতে পারবে।

দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট শাহজাহান মহিউদ্দিন অভিযোগ করে বলেন, বিএনপির কর্মীরা তাদের কয়েকজন সমর্থককে মারধর করেছে। এতে কয়েকজনের মাথায় গুরুতর আঘাত লাগে।

অন্যদিকে পটিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম দাবি করে বলেন, পটিয়ায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে। ভোটের এই ধারাবাহিকতা বজায় থাকলে পটিয়ায় ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না। তবে কেলিশহরের ঘটনার বিষয়ে তিনি অবগত নন বলে জানান।

এদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে পটিয়ায় ১১৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। সকালবেলায় ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বৃদ্ধি পেতে থাকে। বেলা ১১টা পর্যন্ত বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

চট্টগ্রাম-১২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৩ হাজারের কিছু বেশি। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। প্রতিটি কেন্দ্রে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছে।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারহানুর রহমান জানান, দুপুর পর্যন্ত বড় কোনো ঘটনা ছাড়াই ভোটগ্রহণ চলছে। প্রতিটি কেন্দ্রে টহল টিম, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top