চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের পটিয়া উপজেলায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে গুরুতর আহত মাহাবুব আলম (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রবিবার (২৯ মার্চ) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মাহাবুব আলম উপজেলার ছনহরা ইউনিয়নের মধ্যম চাটারা গ্রামের বাসিন্দা এবং হাজী এজাহার মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল প্রায় ১১টার দিকে মধ্যম চাটারা গ্রামের একটি দোকানের সামনে পূর্ব বিরোধের জেরে মাহাবুব আলমের সঙ্গে একই এলাকার নুর মোহাম্মদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে নুর মোহাম্মদ তার কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে মাহাবুবকে এলোপাতাড়ি আঘাত করেন।
পরে স্থানীয়রা গুরুতর আহত মাহাবুবকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন থাকার তিনদিন পর তিনি মারা যান।
পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুসুৎ যশ চাকমা জানান, ঘটনার পরপরই অভিযুক্ত নুর মোহাম্মদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, নিহতের স্ত্রী তাহমিনা জান্নাত বাদী হয়ে ঘটনার দিনই পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন। আহত অবস্থার মামলা এখন মৃত্যুর ঘটনায় রূপ নেওয়ায় এতে দণ্ডবিধির ৩০২ ধারা যুক্ত করার প্রক্রিয়া চলছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





