পটিয়া প্রতিনিধি: চট্টগ্রাম পটিয়া উপজেলার ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূল এবং গবাদিপশুর ক্ষুরারোগ নিয়ন্ত্রণের লক্ষ্যে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আওতায় বিনামূল্যে টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে হাইদগাঁও ইউনিয়নে ক্যাম্পেইনের আওতায় ছাগল-ভেড়াসহ গবাদিপশুকে বিনামূল্যে টিকা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ অফিসার জয়িতা বসু, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন, টিটু মেব্বার, বিশ্বনাথ নাথ,রিগান নন্দী সহ স্থানীয় নেতৃবৃন্দ।
উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা যায়, পিপিআর ছাগল ও ভেড়ার একটি সংক্রামক ভাইরাসজনিত রোগ। এ রোগে আক্রান্ত হলে পশুর স্বাভাবিক বৃদ্ধি ও উৎপাদন ব্যাহত হয়। অন্যদিকে ক্ষুরারোগ গবাদিপশুর মধ্যে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। ফলে এসব রোগ প্রতিরোধে নিয়মিত টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রাণিসম্পদের রোগ নিয়ন্ত্রণের মাধ্যমে পশুপালন খাতকে আরও নিরাপদ ও টেকসই করার পাশাপাশি খামারি ও প্রান্তিক পশুপালকদের আর্থিক ক্ষতি কমানোই এ ক্যাম্পেইনের অন্যতম লক্ষ্য।
তাই পুরো উপজেলায় ছাগল ও ভেড়ার চার হাজার টিকা বিনামূল্যে দেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
চাটগাঁ নিউজ/জেএইচ






