চাটগাঁ নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সব রাজনৈতিক দল ও প্রার্থীর প্রতি জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, আগামীকালের নির্বাচন দেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই নির্বাচনে অংশগ্রহণ শুধু নাগরিক অধিকার নয়, বরং জাতীয় দায়িত্ব।
ভাষণের শুরুতে সিইসি মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করে বলেন, তাঁদের আত্মত্যাগের মাধ্যমেই দেশ আজ গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে গেছে। তিনি শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং আহত জুলাইযোদ্ধাদের দ্রুত সুস্থতা ও স্বাভাবিক জীবনের জন্য দোয়া করেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, রাজনৈতিক মতভেদ গণতন্ত্রের স্বাভাবিক অংশ। তবে ভিন্নমত থাকা সত্ত্বেও সবাইকে শান্তি, সৌহার্দ্য ও উৎসবমুখর পরিবেশ বজায় রেখে ভোটগ্রহণে অংশ নিতে হবে। ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সকলে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসেবে ফলাফল মেনে নিন।
তিনি আরও বলেন, ভোটার, প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক, পর্যবেক্ষক ও সেবা প্রদানকারী সংস্থাসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টাতেই একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব।
যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা, নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করার আহ্বানও জানান সিইসি।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সবার সম্মিলিত প্রয়াসে দেশ একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের সাক্ষী হবে।
আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে অংশ নিচ্ছে ৫১টি রাজনৈতিক দল। মোট প্রার্থী ২ হাজার ২৯ জন, এর মধ্যে ২৭৪ জন স্বতন্ত্র প্রার্থী।
৩০০ সংসদীয় আসনের মধ্যে শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনের নির্বাচন স্থগিত হওয়ায় ২৯৯টি আসনে ভোট অনুষ্ঠিত হচ্ছে। স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২২০ জন। সারাদেশে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ স্থাপন করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





