নির্বাচনে জঙ্গি হামলা হওয়ার ঘটনা উড়িয়ে দেয়া যাচ্ছে না: আইজিপি

চাটগাঁ নিউজ ডেস্ক: আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জঙ্গি হামলা হওয়ার ঘটনা উড়িয়ে দেয়া যাচ্ছে না বলে সতর্ক করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ হেডকোয়াটার্সের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

পুলিশ মহাপরিদর্শক জানান, তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত নির্বাচনকে কেন্দ্র করে ৩১৭টি সহিংসতার ঘটনা ঘটেছে, এতে নিহত হয়েছেন ৫ জন। আর আহত হয়েছে ৬০৩ জন।

সারা দেশে ৮ হাজার ৭৭০টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিত করা হয়েছে উল্লেখ করে পুলিশের এই শীর্ষ কর্মকর্তা বলেন, ৯০ ভাগ কেন্দ্র সিসিটিভিও আওতায় নিয়ে আসা হয়েছে। কেন্দ্র, ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স; সব মিলিয়ে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলায় ড্রোন ক্যামেরা ব্যবহার করার পাশাপাশি ঝুকিপূর্ণ কেন্দ্রে বডিওন ক্যামেরা ব্যবহার করা হবে।

বাহারুল আলম জানান, ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র ছাড়াও সাধারণ মানুষের থানায় জমা রাখা অস্ত্রও লুট হয়, সে সংখ্যা ১ হাজারের বেশি। এসব লুট হওয়া অস্ত্র যতই থাকুক সফল নির্বাচন করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পরাজিত শক্তি এখন আর থ্রেট নয় জানিয়ে তিনি বলেন, এবার নির্বাচনে ১ লাখ ৮৭ হাজারের বেশি পুলিশ দায়িত্ব পালন করবে। নিরাপত্তা রক্ষায় পুলিশ ছাড়াও সেনাবাহিনী, নৌবাহিনী ও আনসার কাজ করছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বডি ওর্ন ক্যামেরা ও ড্রোন ব্যবহার করা হবে।

তিনি বলেন, এবারের নির্বাচন পুলিশের জন্য জনগণের আস্থা ফিরিয়ে আনার সুযোগ। এ সময় তিনি জানান, ২৭ হাজার ৯৯৫ বৈধ অস্ত্র জমা পড়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top