চাটগাঁ নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম জেলার নির্বাচনি এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য বিভিন্ন ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোটগ্রহণের দিনকে কেন্দ্র করে ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত চট্টগ্রাম জেলার নির্বাচনি এলাকায় ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল নিষিদ্ধ থাকবে। একইসঙ্গে ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপরও নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত যানবাহন, জরুরি সেবা, ওষুধ ও সংবাদপত্র পরিবহনকারী গাড়ি, দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন এবং বিমানবন্দরগামী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
এছাড়া নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসারের অনুমোদনপ্রাপ্ত প্রার্থী, তাদের এজেন্ট, সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা শিথিলযোগ্য থাকবে। জাতীয় মহাসড়ক ও আন্তঃজেলা গুরুত্বপূর্ণ সড়কগুলোতেও এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





