নির্বাচনী নিরাপত্তা তদারকিতে চট্টগ্রামে আধুনিক কন্ট্রোল রুম

চাটগাঁ নিউজ ডেস্ক: নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি ও নিয়ন্ত্রণে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে স্থাপিত ‘অপারেশন্স কমান্ড ও কন্ট্রোল রুম’ পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে অবস্থিত এই আধুনিক কন্ট্রোল রুম পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আহসান হাবীব পলাশ।

এ সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ।

পরিদর্শনকালে আধুনিক প্রযুক্তিনির্ভর কন্ট্রোল রুমের কার্যক্রম ঘুরে দেখেন তাঁরা। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রস্তুতি ও সক্ষমতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন বিভাগীয় কমিশনার ও ডিআইজি।

চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, নির্বাচনকে সামনে রেখে একটি সমন্বিত অপারেশন্স কমান্ড ও কন্ট্রোল কক্ষ স্থাপন করা হয়েছে। এই কক্ষ থেকে বডিওর্ন ক্যামেরা ওয়ার্ক স্টেশন, লাইভ লোকেশন মনিটরিং সিস্টেম এবং ডিজিটাল অপারেশনাল ম্যাপের মাধ্যমে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

নির্বাচনকালীন দায়িত্বে নিয়োজিত ১১৯টি মোবাইল টিম ও ৩০টি স্ট্রাইকিং পার্টিকে কেন্দ্রীয়ভাবে এই কন্ট্রোল রুমের আওতায় মনিটরিং করা হচ্ছে। জেলার ১৭টি থানার ওসিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা রিয়েল-টাইমে টিমগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারছেন।

মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত সদস্যদের ব্যবহৃত ৪৬৯টি বডিওর্ন ক্যামেরা অনলাইনে সংযুক্ত রয়েছে। কন্ট্রোল রুম থেকে সরাসরি এসব ক্যামেরার কার্যক্রম দেখা এবং প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক নির্দেশনা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

ডিজিটাল অপারেশনাল ম্যাপে জেলার ১৩টি সংসদীয় আসনের মোট ১ হাজার ৩৫৮টি ভোটকেন্দ্রের অবস্থান লাল, হলুদ ও সবুজ শ্রেণিতে চিহ্নিত করা হয়েছে। এতে প্রতিটি ভোটকেন্দ্রের নাম, অবস্থান, ঝুঁকির মাত্রা, প্রকৃতি এবং সংশ্লিষ্ট থানার দূরত্বের তথ্য সংযুক্ত রয়েছে।

নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখতে ওয়াকিটকি সাব-স্টেশন স্থাপন করা হয়েছে। মোবাইল ও স্ট্রাইকিং টিমের লাইভ লোকেশন পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী দ্রুত নির্দেশনা দেওয়া হচ্ছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়া নজরদারির ব্যবস্থাও রাখা হয়েছে।

জরুরি সমন্বয়ের জন্য পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার, জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং প্রিজাইডিং কর্মকর্তাদের যোগাযোগসংক্রান্ত তথ্য কন্ট্রোল রুমে সংরক্ষিত রয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল জানান, আধুনিক প্রযুক্তির সহায়তায় কন্ট্রোল রুম থেকে নির্বাচন কার্যক্রম কার্যকরভাবে নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করা হচ্ছে। একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top