চাটগাঁ নিউজ ডেস্ক: রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে অভিনন্দন জানিয়ে যেসব বিলবোর্ড ও ব্যানার টাঙানো হয়েছে, সেগুলো দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৩ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে যাওয়ার পথে হাতিরঝিলে পুলিশ প্লাজার সামনে নিজের ছবি সংবলিত একটি ব্যানার নজরে আসে প্রধানমন্ত্রীর। বিষয়টি দেখেই তিনি গাড়ি থামানোর নির্দেশ দেন এবং তাৎক্ষণিকভাবে ব্যানারটি সরিয়ে ফেলার ব্যবস্থা করা হয়।
অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, রাজধানীর বিভিন্ন স্থানে কিছু প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে অভিনন্দন বার্তা প্রচার করছে। এ ধরনের প্রচারণা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দিয়েছেন সরকারপ্রধান।
তিনি আরও উল্লেখ করেন, এর আগেও বিজয় সরণী এলাকায় একটি এলইডি স্ক্রিনে প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত অভিনন্দন বার্তা প্রচার হতে দেখে তা সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি।
মঙ্গলবার সকাল ৯টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছে দিনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।
চাটগাঁ নিউজ/এমকেএন
আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ
![]()
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে






