চাটগাঁ নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে নিয়ে ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (৮ মার্চ) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে মামলার আবেদন করেন রমনা থানা বিএনপির সভাপতি মো. আশরাফুল ইসলাম। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে নাসিরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।
বাদীপক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আবেদনে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে নাসিরুদ্দীন পাটওয়ারী মির্জা আব্বাসের কাছে বিপুল ভোটে পরাজিত হন। নির্বাচনের সময় এবং পরবর্তীতে তিনি বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন গণমাধ্যমে মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করা হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ৫ মার্চ ফেসবুকে প্রকাশিত কয়েকটি অনলাইন সংবাদে নাসিরুদ্দীন পাটওয়ারীর একটি বক্তব্য দেখা যায়, যেখানে মির্জা আব্বাসকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে। এসব বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে তার সম্মানহানি করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
মামলার আবেদনে নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন
আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ
![]()
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে






