নারীদের অবমাননা করলে জাতিই ক্ষতিগ্রস্ত হবে: তারেক

চাটগাঁ নিউজ ডেস্ক: কোনো দলের নাম উল্লেখ না করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীকে ঘরের ভেতরে সীমাবদ্ধ রাখতে চায়। তিনি বলেন, সেই দলের একজন নেতা প্রকাশ্যে বলেছেন, তারা নারীর নেতৃত্বে বিশ্বাস করে না।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশালের বেলস পার্ক মাঠে রোদের মধ্যেই মানুষের ঢল নামে। বেলা সাড়ে ১২টার কিছু পর মঞ্চে উঠতেই করতালি ও স্লোগানে মুখর হয়ে ওঠে জনসভা। প্রায় দুই দশক পর বরিশালে আসা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত জনতার উদ্দেশে দীর্ঘ বক্তব্য দেন।

তার বক্তব্যের মূল প্রতিপাদ্য ছিল—নারীর সম্মান, স্বাধীনতা এবং রাজনীতিতে নারীর সক্রিয় ভূমিকা।

তিনি বলেন, সম্প্রতি একটি দলের নেতা কর্মসংস্থানে যাওয়া নারী ও মা-বোনদের নিয়ে যে শব্দচয়ন করেছেন, তা শুধু নারীদের নয়—পুরো জাতির জন্যই লজ্জাজনক। তারেক রহমানের মতে, এ ধরনের মন্তব্য সামাজিক মূল্যবোধকে আঘাত করে।

বিএনপির চেয়ারম্যান অভিযোগ করেন, যারা নিয়মিত জনগণের সামনে মিথ্যা বক্তব্য দেয় এবং নারীদের অবমাননা করে, তারাই এখন নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। কারণ সাধারণ মানুষ তাদের কথাবার্তা ও কর্মকাণ্ডের প্রকৃত রূপ বুঝে ফেলেছে। তিনি দল-মত-ধর্ম নির্বিশেষে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

বক্তব্যের একপর্যায়ে তিনি প্রশ্ন তোলেন, দেশের লাখ লাখ নারী পোশাকশিল্পে কাজ করে অর্থনীতির চাকা সচল রাখছেন। একই সঙ্গে দ্রব্যমূল্যের চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের বহু নারী সংসার চালাতে স্বামীর পাশাপাশি বাইরে কাজ করছেন। অথচ সেই নারীরাই আজ অসম্মান ও কটূক্তির শিকার হচ্ছেন। কিন্তু এই নারীদের অবমাননা করলে জাতিই ক্ষতিগ্রস্ত হবে।

ধর্মীয় উদাহরণ টেনে তারেক রহমান বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর স্ত্রী হজরত বিবি খাদিজা (রা.) ছিলেন একজন সফল ব্যবসায়ী। এরপর তিনি প্রশ্ন রাখেন, যারা নির্বাচনের আগেই নারীদের ঘরের ভেতরে বন্দি রাখতে চায়, ক্ষমতায় গেলে তাদের আচরণ কেমন হবে?

সাম্প্রতিক বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের পর সংশ্লিষ্টরা আইডি হ্যাক হওয়ার অজুহাত দিয়েছে। কিন্তু প্রযুক্তি বিশেষজ্ঞরা পরিষ্কারভাবে জানিয়েছেন, এ ধরনের হ্যাকিংয়ের দাবি ভিত্তিহীন। তার ভাষায়, মিথ্যাই তাদের একমাত্র পরিচয়।

জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে তারেক রহমান বলেন, দলটি নিজেদের স্বার্থে ধর্মকে ব্যবহার করে এবং প্রয়োজন অনুযায়ী ধর্মীয় ব্যাখ্যা বদলায়।

বক্তব্যের শেষদিকে ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপির চেয়ারম্যান বলেন, দেশের প্রায় ২০ কোটি মানুষের অর্ধেক নারী। এই বিশাল জনগোষ্ঠীকে পেছনে রেখে কোনো উন্নয়ন পরিকল্পনাই সফল হতে পারে না।

তিনি জানান, বিএনপি সরকার গঠন করলে প্রতিটি গৃহিণীর কাছে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে নারীদের ধাপে ধাপে স্বাবলম্বী করে তোলাই হবে দলের লক্ষ্য, যাতে তারা কারও ওপর নির্ভরশীল না থাকেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top