নাফ নদীতে ভেসে এলো আরও এক অজ্ঞাত যুবকের মরদেহ

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ এলাকায় নাফ নদীর তীর থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

রবিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে বিজিবির শাহপরীরদ্বীপ বিওপির সামনে জোয়ারের পানিতে ভেসে আসা মরদেহটি স্থানীয়দের নজরে এলে পুলিশকে খবর দেওয়া হয়।

সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। গত ১২ দিনের মধ্যে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে এটি পঞ্চম অজ্ঞাত মরদেহ উদ্ধার হওয়ার ঘটনা। ধারাবাহিকভাবে মরদেহ উদ্ধারের ঘটনায় সমুদ্রপথে মানবপাচার বা ট্রলারডুবির সঙ্গে কোনো সম্পর্ক থাকতে পারে বলে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে।

শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সনজীব জানান, দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহটির চেহারা বিকৃত হয়ে গেছে। ফলে তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। তার পরনে ছিল গাঢ় নীল রঙের হাফ প্যান্ট ও হালকা সবুজ রঙের জার্সি। মুখে হালকা দাড়ি-গোঁফ রয়েছে এবং শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন প্রাথমিকভাবে পাওয়া যায়নি।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সমুদ্রপথে মালয়েশিয়াগামী দুটি ট্রলার মিয়ানমারের উপকূলে দুর্ঘটনায় পড়ার ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের মধ্যে মরদেহটি একজনের হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে পরিচয় নিশ্চিত হওয়ার আগে এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

টেকনাফ নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র নাথ জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। মৃত ব্যক্তি বাংলাদেশি নাকি রোহিঙ্গা—তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, গত ৮ জুলাই টেকনাফের শাহপরীরদ্বীপ, সেন্টমার্টিন ও রাজারছড়া সৈকত থেকে তিন অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়। এর দুই দিন পর, ১০ জুলাই শাহপরীরদ্বীপ উপকূল থেকে আরও একটি মানবকঙ্কাল উদ্ধার করে পুলিশ। সর্বশেষ এই মরদেহ উদ্ধারের ঘটনায় সীমান্তবর্তী উপকূল এলাকায় রহস্য আরও ঘনীভূত হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top