নাইক্ষ্যংছড়ি সীমান্তে অনুপ্রবেশকালে ৩ আরাকান আর্মি সদস্য আটক

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তিনজন আরাকান আর্মির সদস্যকে আটক করেছে বিজিবি। এ সময় তাদের কাছ থেকে মিয়ানমারের মুদ্রা উদ্ধার করা হয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমতলী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে বিজিবি তাদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করে।

পুলিশ জানায়, সন্ধ্যায় ঘুমধুমের আমতলী সীমান্ত এলাকা দিয়ে তিনজন মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির সদস্য বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির সদস্য বলে পরিচয় দেয়। আটক ব্যক্তিদের কাছ থেকে মিয়ানমারের মুদ্রা উদ্ধার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা বলেন, সীমান্ত থেকে তিনজন আরাকান আর্মির সদস্যকে বিজিবি আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, সন্ধ্যার দিকে ঘুমধুম ইউনিয়নের আমতলী সীমান্ত থেকে তিনজন আরাকান আর্মির সদস্যকে বিজিবি আটক করেছে বলে শুনেছি। তবে এ বিষয়ে আমাকে আনুষ্ঠানিকভাবে অবগত করা হয়নি। বিস্তারিত তথ্য বিজিবি জানাতে পারবে।

চাটগাঁ নিউজ/ইলিয়াছ/এমকেএন

আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top