নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ইয়াবাসহ নারী গ্রেফতার

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি এলাকায় পুলিশের বিশেষ অভিযানে প্রায় ২০ হাজার পিস ইয়াবাসহ ময়ুং মার্মা নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (১ মার্চ) ভোর ১টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৩ নম্বর লামারপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।

আটক ময়ুং মার্মা (৪০) একই এলাকার অংশো থোয়াই মার্মার মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অবস্থান নেয় পুলিশের একটি দল। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিদের একটি দল পালানোর চেষ্টা করে। এ সময় ময়ুং মার্মাকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে তার হেফাজত থেকে প্রায় ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নারী দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় ইয়াবা পাচার ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল বাতেন মৃধা বলেন, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পলাতক সহযোগী এবং মাদকচক্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে সোনাইছড়ি এলাকা মাদক কারবারিদের নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। নাইক্ষ্যংছড়ি থানায় দায়িত্ব গ্রহণের পর থেকেই এ এলাকায় বিশেষ নজরদারি ও ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে।

চাটগাঁ নিউজ/ইলিয়াছ/এমকেএন

Scroll to Top