নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে সিআরবিতে ব্যাপক প্রস্তুতি

চাটগাঁ নিউজ ডেস্ক: বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির অন্যতম প্রধান উৎসব। পুরোনো বছরের সব গ্লানি ও ব্যর্থতা মুছে ফেলে নতুন বছরকে স্বাগত জানাতে সারা দেশের ন্যায় চট্টগ্রামেও উৎসবের আমেজে চলছে বাঙালির প্রাণের উৎসবের প্রস্তুতি।

পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে সম্মিলিত বাংলা নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আগামী ১৩ ও ১৪ এপ্রিল দুদিনব্যাপী বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান সিআরবি শিরীষতলায় অনুষ্ঠিত হবে।

প্রতি বছরের মতো এবারো পহেলা ˆবশাখে বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে সম্মিলিত বাংলা নববর্ষ উদযাপন পরিষদের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বিকাল ৩টায় বর্ষবিদায় অনুষ্ঠানের মধ্য দিয়ে দুদিনের এই কর্মসূচীর শুভ উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে বর্ষবরণ অনুষ্ঠান। আলোচনা সভা, আবৃত্তি, গান, নৃত্য, কবিতা আবৃত্তিসহ নানা আয়োজনে বৈশাখ বরণের প্রস্তুতি নিয়েছে আয়োজক কমিটি।

অনুষ্ঠানে জাসাস, বাংলাদেশ রেলওয়ে সাংস্কৃতিক ফোরাম সহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা সম্মিলিত গান পরিবেশন করবেন।

বাঙালির ঐতিহ্য নববর্ষকে বরণ করতে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাইকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন নববর্ষ উদযাপন পরিষদের আহবায়ক বাংলাদেশ রেলওয়ের (পূর্ব) প্রধান প্রকৌশলী মো. তানভিরুল ইসলাম ও সদস্য সচিব নিয়াজ মোহাম্মদ খান।

এদিকে আজ রবিবার সকাল থেকে সিআরবি শিরীষতলায় মঞ্চ পরিদর্শন এবং বিভিন্ন দিক ঘুরে দেখেন আয়োজক কমিটি। এ সময় উপস্থিত ছিলেন নববর্ষ উদযাপন পরিষদের সদস্য সচিব সাবেক কমিশনার নিয়াজ মোহাম্মদ খান, যুগ্ম আহবায়ক হাসান মারুফ রুমি, যুগ্ম সদস্য সচিব সাংবাদিক মিয়া মোহাম্মদ আরিফ, সাংবাদিক মোহাম্মদ আলী, যুগ্ম সদস্য সচিব ও চট্টগ্রাম মহানগর জাসাসের আহবায়ক এম এ মুছা বাবলুসহ পরিষদের নেতৃবৃন্দ।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top