নদীতে মাছ ধরতে গিয়ে জেলেরা পান ২ বস্তা সরকারি ওষুধ

চাটগাঁ নিউজ ডেস্ক: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার তেঁতুলিয়া মসজিদ এলাকার ব্রহ্মপুত্র নদে মাছ ধরার সময় জেলেরা দুইটি বস্তা সরকারি ওষুধ পেয়েছেন।

বুধবার (১১ মার্চ) সকাল ১১টার দিকে জেলেরা নদীতে জাল ফেলেন এবং জাল তোলার সময় দুটি বড় পাটের বস্তা দেখতে পান। বস্তার মুখ খোলার পর ভেতরে সরকারি হাসপাতালের বিভিন্ন ধরনের ওষুধ দেখা যায়।

স্থানীয়রা জানান, সম্ভবত কেউ এই ওষুধগুলি নদীতে ফেলে দিয়েছে। উদ্ধার হওয়া ওষুধগুলো পচনশীল নয়, তাই পানির নিচেও ভালো অবস্থায় রয়ে গেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, যতদূর জানি, বস্তায় থাকা ওষুধগুলো ২০২৩ সালের। এটি নিশ্চিত হওয়ার জন্য পুলিশ তদন্ত করছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গফরগাঁও থানার ওসি আ স ম আতিকুর রহমান জানান, ঘটনাস্থল থেকে ওষুধ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে জানান তিনি।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top