নতুন বাংলাদেশে নতুন পরিবেশে ভোট দিয়েছি: হুমাম কাদের

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জাকির হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী হুমাম কাদের চৌধুরী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তিনি তাঁর মা, বড় ভাই, স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কেন্দ্রে এসে ভোট দেন।

ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হুমাম কাদের চৌধুরী বলেন, ২০০৮ সালে বাবার সঙ্গে ভোট দিতে এসেছিলাম। এবার নিজের জন্য ভোট দিতে এসেছি। বহু বছর পর নতুন বাংলাদেশে নতুন পরিবেশে ভোট দিয়েছি। অনুভূতি অন্যরকম।

তিনি বলেন, সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে। যদিও কিছু কিছু জায়গা থেকে অভিযোগের কথা শোনা যাচ্ছে, তবে সার্বিকভাবে পরিস্থিতি ভালো মনে হচ্ছে। এই ভোটের জন্য মানুষ ১৭ বছর অপেক্ষা করেছে। এখন মানুষ ঈদের আনন্দের মতো উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে খুশি।

সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ উপস্থিতির কথা উল্লেখ করে তিনি জানান, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছে এবং এখন পর্যন্ত নির্বাচনের জন্য একটি সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। আমরা চাই, পুরো নির্বাচনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে হুমাম কাদের চৌধুরী বলেন, আলহামদুলিল্লাহ, আইন-শৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী মাঠে রয়েছে এবং তারা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। তারা আমাদের আশ্বস্ত করেছে যে ভোটকেন্দ্রে কোনো সমস্যা হবে না এবং সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারছে।

নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, নির্বাচনে যেই জয়ী হোক না কেন, সবাইকে নিয়ে রাঙ্গুনিয়াবাসীর জন্য মিলেমিশে কাজ করব। আমি শুধু দলের এমপি হতে চাই না, সকল মত ও পথের মানুষের এমপি হতে চাই।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top