স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সর্বশেষ আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। বল হাতে ভালো পারফরম্যান্স করলেও আসন্ন মৌসুমের নিলামের আগে তাকে ধরে রাখেনি ফ্র্যাঞ্চাইজিটি।
পিএসএলের নতুন নিয়ম অনুযায়ী এবার দলগুলো বিভিন্ন ক্যাটাগরি থেকে সর্বোচ্চ চারজন খেলোয়াড় ধরে রাখতে পারবে। যেখানে আগের মৌসুমে সর্বোচ্চ আটজন খেলোয়াড় ধরে রাখার সুযোগ ছিল।
এই নিয়মের আওতায় লাহোর কালান্দার্স রিটেইন করেছে শাহীন শাহ আফ্রিদি, সিকান্দার রাজা, আবদুল্লাহ শফিক ও মোহাম্মদ নাইমকে। ফলে গত আসরে লাহোরের হয়ে খেলা রিশাদ হোসেনকে ছেড়ে দিতে হয়েছে ফ্র্যাঞ্চাইজিটিকে।
গত মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে ৭ ম্যাচে ১৩ উইকেট শিকার করেছিলেন রিশাদ হোসেন।
এদিকে কোয়েটা গ্লাডিয়েটর্স রিটেইন করেছে আবরার আহমেদ, উসমান তারিক, হাসান নাওয়াজ ও শ্যামল হোসেনকে। অন্যদিকে তারা ছেড়ে দিয়েছে মোহাম্মদ আমির, রাইলি রুশো, মার্ক চ্যাপম্যান, খাওয়াজা নাফে ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে।
কারাচি কিংস ধরে রেখেছে হাসান আলী (প্লাটিনাম), খুশদিল শাহ (গোল্ড), আব্বাস আফ্রিদি (ডায়মন্ড) ও সাদ বেগকে (ইমার্জিং ক্যাটাগরি)। তবে শান মাসুদ, আমের জামাল ও শাহনেওয়াজ দাহানিদের ছেড়ে দিয়েছে দলটি।
চাটগাঁ নিউজ/এমকেএন





