চাটগাঁ নিউজ ডেস্ক: দেশে সংঘটিত সব ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে বিশেষ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
তিনি জানান, মন্ত্রিসভা নিজ উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। বর্তমানে বিচারাধীন এবং অতীতে দায়ের হওয়া সব ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে একটি বিশেষ কার্যক্রম (স্পেশাল ড্রাইভ) পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
নাসিমুল গনি আরও বলেন, প্রধানমন্ত্রী শুধু মামলা নিষ্পত্তিই নয়, সমাজ থেকে ধর্ষণ প্রবণতা নির্মূলেও কার্যকর উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। এ ধরনের অপরাধ প্রতিরোধে দ্রুত ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
তিনি বলেন, এসব মামলার সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে এবং প্রয়োজন হলে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত গিয়ে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন
আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে





