দোহাজারীতে প্রতিবেশীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশ দোহাজারী এলাকায় প্রতিবেশীর ছুরিকাঘাতে আহত মো. সালাউদ্দিনের (৪২) মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মো. সালাউদ্দিন কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা। তিনি চন্দনাইশ উপজেলার দিয়ারকূল খান সামানপাড়া এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে দোহাজারী পৌরসভার দিয়ারকূল এলাকায় ইদ্রিসের বাড়ির সামনে সালাউদ্দিনকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বলেন, সালাউদ্দিন ও অভিযুক্ত হানিফ প্রতিবেশী। তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই বাকবিতণ্ডা হতো। শুক্রবার রাতেও একই বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হানিফ ছুরিকাঘাত করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী হানিফকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top