চাটগাঁ নিউজ ডেস্ক: দেশে ‘মব কালচার’ বা বিশৃঙ্খল গণপিটুনির প্রবণতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দাবি আদায়ের নামে সড়ক অবরোধ, বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা জনতা জড়ো করে আইন হাতে তুলে নেওয়ার মতো কর্মকাণ্ড আর সহ্য করা হবে না।
সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আলোচনায় রুমিন ফারহানা সাম্প্রতিক সময়ে ‘মব কালচার’ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত সময়ে এ ধরনের ঘটনায় প্রায় ২৫০ থেকে ৩০০ মানুষের মৃত্যু হয়েছে। তিনি নিজেও ২১ ফেব্রুয়ারি এমন ঘটনার শিকার হয়েছেন বলে উল্লেখ করেন এবং এ পরিস্থিতি মোকাবিলায় সরকারের পদক্ষেপ জানতে চান।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে—দেশে কোনোভাবেই মব কালচার চলতে দেওয়া হবে না। বিশেষ করে দাবি আদায়ের নামে সড়ক বা মহাসড়ক অবরোধের প্রবণতা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, সব ধরনের সহিংস ঘটনাকে ‘মব’ হিসেবে আখ্যা দেওয়া ঠিক নয়। কোনো প্রতিষ্ঠান বা স্থাপনায় পরিকল্পিত হামলা ও ভাঙচুর হলে তা সুসংগঠিত অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী জনগণকে গণতান্ত্রিক উপায়ে দাবি উত্থাপনের আহ্বান জানিয়ে বলেন, স্মারকলিপি প্রদান, সেমিনার আয়োজন বা শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে যে কেউ তার দাবি তুলে ধরতে পারে। সরকার মতপ্রকাশের স্বাধীনতা ও সংগঠনের অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর, তবে আইনবহির্ভূত উপায়ে দাবি আদায়ের সংস্কৃতি থেকে সবাইকে সরে আসতে হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





