দেশের শীর্ষ ২০ খেলাপি প্রতিষ্ঠানের তালিকায় এস আলম গ্রুপ

চাটগাঁ নিউজ ডেস্ক: দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ উদ্বেগজনকভাবে বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকায়। জাতীয় সংসদে উপস্থাপিত তথ্যে উঠে এসেছে, শীর্ষ ঋণ খেলাপিদের তালিকায় প্রাধান্য রয়েছে বড় বড় শিল্পগোষ্ঠীর, যেখানে এগিয়ে রয়েছে এস আলম গ্রুপের একাধিক প্রতিষ্ঠান।

সোমবার (৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের নবম দিনে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য তুলে ধরেন। কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাত এর লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য প্রদান করেন।

ডেপুটি স্পিকার কায়সার কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে দেশের শীর্ষ ২০ ঋণ খেলাপি প্রতিষ্ঠানের তালিকাও উপস্থাপন করা হয়।

অর্থমন্ত্রীর তথ্যানুযায়ী, তালিকার শীর্ষে রয়েছে এস আলম গ্রুপের একাধিক প্রতিষ্ঠান, যার মধ্যে রয়েছে এস আলম সুপার এডিবল অয়েল, এস আলম ভেজিটেবল অয়েল, সালাম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ এবং এস আলম কোল্ড রোল্ড স্টিলস।

এছাড়াও তালিকায় রয়েছে বেক্সিমকো-সহ দেশের অন্যান্য বড় শিল্পপ্রতিষ্ঠান। উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের মধ্যে আছে সোনালী ট্রেডার্স, গ্লোবাল ট্রেডিং করপোরেশন, চেমন ইস্পাত, ইনফিনিট সিআর স্ট্রিপস, কেয়া কসমেটিকস, দেশবন্ধু সুগার মিলস এবং পাওয়ারপ্যাক মুতিয়ারা গ্রুপের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র।

তালিকায় আরও রয়েছে প্যাসিফিক বাংলাদেশ টেলিকম, কর্ণফুলী ফুডস, মুরাদ এন্টারপ্রাইজ, সিএলসি পাওয়ার কোম্পানি, বেক্সিমকো কমিউনিকেশন্স এবং রংধনু বিল্ডার্সসহ মোট ২০টি প্রতিষ্ঠান।

অর্থমন্ত্রী জানান, খেলাপি ঋণ আদায়ে সরকার ও বাংলাদেশ ব্যাংক বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। আইনের আওতায় থেকে এসব ঋণ আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি সংসদকে অবহিত করেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top