চাটগাঁ নিউজ ডেস্ক : দেবী সরস্বতী সঙ্গীতালয়ের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ২ দিনব্যাপী বর্ণাঢ্য মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গীতপ্রেমী ও শিক্ষার্থীদের মিলনস্থলে পরিণত হওয়া এই আয়োজনে ছিল গান, নৃত্য, আবৃত্তি, পুরস্কার বিতরণ এবং স্মৃতিচারণের এক মনোমুগ্ধকর পরিবেশ। প্রতিষ্ঠার ১১ বছর পূর্তিতে সংগঠনটির সাফল্য, অগ্রযাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতেই এই আয়োজন বিশেষ তাৎপর্য বহন করছে।
গত শুক্র ও শনিবার (৩-৪ এপ্রিল) মোহরাতে এই জমকালো আয়োজন অনুষ্ঠিত হয়।

স্বরস্বতী সঙ্গীতালয়ের পরিচালক সুজন দাশের সভাপতিত্বে জয়া দেব, বিশাখা দত্ত, রেশমি দাশ, ঐশী ভট্টাচাৰ্য ও নোটন কান্তি পালের সঞ্চালনায় পুরস্কার বিতরণ ও ২ দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনে ছিল দেবী সরস্বতী সংগীতালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় সংগীত, নৃত্য, তবলা লহরা ও গিটার বাদন।
এছাড়াও আবৃত্তিশিল্পী প্রণব চৌধুরীর একক আবৃত্তি, দেবী সরস্বতী সংগীতালয়ের সংগীত প্রশিক্ষক সুজন দাশ, জয়া দেব, ঐশী ভট্টাচাৰ্য ও নৃত্য প্রশিক্ষক রমিতা ভৌমিকের একক নৃত্য পরিবেশনা ছিল প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলনমেলার মূল আকর্ষণ।
অনুষ্ঠানে একাডেমির পরিচয় ও কার্যক্রম তুলে ধরেন একাডেমির শিক্ষার্থী তুষার দেবনাথ, অনন্যা দত্ত, পরিচালক সুজন দাশ ও নৃত্য প্রশিক্ষক রমিতা ভৌমিক।
চাটগাঁ নিউজ/এসএ






