চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তের হামলা থেকে বাঁচতে হালদা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ রয়েছে মো. সাব্বির (২১) নামের এক যুবক।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার মাদার্শা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ রামদাশ মুন্সির হাটের হালদা নদীর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিখোঁজ সাব্বির রামদাশ মুন্সির হাটের বেরিবাঁধ এলাকায় রাউজানের উরকিরচর থেকে ওরশে আসার সময় দুর্বৃত্তের হামলার শিকার হয়। সে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের মৈশকরমস্থ মানাউল্লাহ চৌধুরী বাড়ির আবদুল মান্নানের পুত্র।
আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নিখোঁজ সাব্বিরের চাচাতো ভাই মো. টিপু।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে নৌকা করে ভিকটিম সাব্বির ও তার ৮-১০ জন বন্ধুসহ হাটহাজারী উপজেলার মাদার্শা ইউনিয়নের বেরিবাঁধ সংলগ্ন এলাকায় হযরত আবদুল করিম শাহ (রা:) বার্ষিক ওরশ শরীফে যাচ্ছিলেন। তাদের বহনকারী নৌকা রামদাশ মুন্সির হাট খেয়াঘাটে পৌঁছালে দুর্বৃত্তরা তাদের উপর হামলায় চালায়। এসময় নৌকায় থাকা সকলে আত্মরক্ষায় নদীতে লাফ দেয়। এরপর থেকে নিখোঁজ হয় সাব্বির।
ঘটনার সময় সাথে থাকা ভিকটিম সাব্বিরের বন্ধু মারুফ জানায়, পথে হামলার শিকার হলে নৌকা থেকে সেও লাফ দেয়, তাদের সাথে থাকা অন্যরা সাঁতার কেটে কুলে ওঠতে পারলেও সাব্বির উঠতে পারিনি। পরে ঘটনা জানাজানি হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে।
তবে স্থানীয় বেশ কয়েকজন জানায়, দুই গ্রুপের পূর্বের একটি নারীঘটিত দ্বন্ধের কারণে গতকাল রাতে এ হামলা হয়। হামলার এক পর্যায়ে সে নদীতে লাফ দিয়ে আর ওঠতে পারেনি।
সাব্বিরের চাচাতো ভাই মো. টিপু জানায়, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। কারা এ হামলা চালিয়েছে তাদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি।
উত্তর মার্দাশা রামদাশ মুন্সিরহাট নৌ পুলিশ ক্যাম্পের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রমজান জানান, খবর পাওয়ার পর থেকে নদীতে অভিযান চালানো হচ্ছে। তবে এখনো পর্যন্ত নিখোঁজ যুবকের কোনো সন্ধান পাওয়া যায়নি।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আবদুল মান্নান জানান, জেলা থেকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ৬ জনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।
এ ব্যাপারে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, এখনো পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। তবে উদ্ধার প্রক্রিয়া চলমান আছে। এখনও ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।
চাটগাঁ নিউজ/জেএইচ





