চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্গম পাহাড়ে পথ হারানো দুই যুবককে অভিযান চালিয়ে জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার করেছে সীতাকুণ্ড থানা পুলিশ।
দীর্ঘ ৬ ঘণ্টা অভিযানের পর শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার পন্থীছিলা এলাকার ‘ঝরঝরি ঝরনা’ সংলগ্ন দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ২ যুবক হলেন চট্টগ্রাম নগরীর ফ্রি-পোর্ট এলাকার বাসিন্দা শ্রাবণ দেব (১৯) ও মো. সিয়াম (১৯)।
পুলিশ জানায়, শনিবার দুপুরে চট্টগ্রাম শহর থেকে সীতাকুণ্ডের পন্থীছিলা এলাকার প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ঝরঝরি ঝরনা দেখতে যান ওই দুই যুবক। ঝরনা ভ্রমণ শেষে ফেরার সময় পাহাড়ি রাস্তায় দিক হারিয়ে তারা গহিন বনের ভেতরে আটকা পড়েন। একপর্যায়ে মোবাইল নেটওয়ার্ক না থাকায় স্বজনদের সঙ্গে তাদের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
পুলিশ আরো জানায়, দীর্ঘ চেষ্টার পর মোবাইলে নেটওয়ার্ক সংযোগ পাওয়া গেলে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল দিয়ে সহায়তা প্রার্থনা করেন তারা। তথ্য পেয়ে সীতাকুণ্ড মডেল থানা পুলিশের একটি চৌকস দল স্থানীয় পথপ্রদর্শকদের সহযোগিতায় এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সাহায্যে নিখোঁজ শিক্ষার্থীদের অবস্থান চিহ্নিত করে দুর্গম পাহাড়ে উদ্ধার অভিযান পরিচালনা করে।
টানা প্রায় ছয় ঘণ্টার তল্লাশি অভিযান শেষে রাত ১১টার দিকে দুই তরুণকে পাহাড়ি জঙ্গল থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনূল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবার মাধ্যমে তথ্য পাওয়ার পরপরই পুলিশি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার শেষে প্রাথমিক প্রয়োজনীয় সেবা প্রদান করে রাতেই তরুণদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ






