দুই হত্যা মামলায় রিয়াজের আগাম জামিন আবেদন নাকচ

বিনোদন ডেস্ক: জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া দুটি হত্যা মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে হাজির হয়েছিলেন চিত্রনায়ক রিয়াজ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সশরীরে আদালতে উপস্থিত হয়ে তিনি জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার আবেদন ফিরিয়ে দেন।

রিয়াজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর একটি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর সরকারি আলিয়া মাদরাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যাচেষ্টার অভিযোগে করা হয়। ২০২৫ সালের ২ মে মামলাটি দায়ের করা হয়।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া শিল্পী, সাংবাদিক, শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিসহ মোট ২০১ জনকে আসামি করা হয়।

এর আগে ২০২৫ সালের ৩০ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত অভিযোগটি আমলে নিয়ে শাহবাগ থানাকে সেটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

মামলার আসামিদের তালিকায় ১৪ জন অভিনয়শিল্পীর নাম রয়েছে। তাদের মধ্যে চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস আহমেদ, চঞ্চল চৌধুরী, মামুনুর রশীদ, মেহের আফরোজ শাওন, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, শামীমা তুষ্টি, শমী কায়সার, সাজু খাদেম, আশনা হাবীব ভাবনা, সোহানা সাবা, রোকেয়া প্রাচী ও জায়েদ খান রয়েছেন।

এ ছাড়া মামলায় ১৫ জন সাংবাদিককেও আসামি করা হয়েছে। তাদের মধ্যে কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা ও এটিএন নিউজের মুন্নী সাহার নাম রয়েছে। শিক্ষকদের মধ্যে অধ্যাপক জাফর ইকবাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মিজানুর রহমান ও অধ্যাপক মুনতাসির মামুনসহ ১৩ জনকে আসামি করা হয়েছে। মামলায় ইমরান এইচ সরকার ও লাকী আক্তারের নামও রয়েছে।

জুলাই আন্দোলনকে ঘিরে দায়ের হওয়া অপর একটি হত্যা মামলাতেও চিত্রনায়ক রিয়াজকে আসামি করা হয়েছে। এই দুই মামলায় গ্রেপ্তার এড়াতে আগাম জামিন চেয়ে বৃহস্পতিবার হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।

তবে শুনানি শেষে আদালত তার আগাম জামিনের আবেদন ফিরিয়ে দেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top