দুইদিনের কর্মসূচিতে বন্দরের ভেতরে যান চলাচল বন্ধ

চাটগাঁ নিউজ ডেস্ক: বিদেশি প্রতিষ্ঠানের কাছে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বন্দরে শ্রমিকদের দ্বিতীয় দিনের কর্মসূচি চলছে।

এর ফলে রোববার (১ ফেব্রুয়ারি) সকাল আটটা থেকে বন্দর এলাকার অভ্যন্তরীণ অপারেশন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে।

আন্দোলনের কারণে বন্দর থেকে আমদানি পণ্যের ডেলিভারি, কনটেইনার হ্যান্ডলিং এবং বন্দরের ভেতরে পণ্যবাহী যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে পুরো বন্দরে কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে। তবে বহির্নোঙরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাসের কাজ স্বাভাবিকভাবে চলছে।

বারিক বিল্ডিং থেকে সল্টগোলা এলাকা ঘুরে দেখা গেছে, বারিক বিল্ডিংয়ের আশপাশে স্ক্র্যাপবাহী ট্রাকের দীর্ঘ জট তৈরি হয়েছে। বন্দরের গেটগুলো খোলা থাকলেও কোনো গাড়ি ভেতরে প্রবেশ করছে না, আবার বেরও হতে পারছে না।

এ অবস্থায় বন্দরের নিরাপত্তাকর্মী ও দায়িত্বরত পুলিশ সদস্যদের অনেককে অলস সময় কাটাতে দেখা গেছে।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আন্দোলন অব্যাহত রয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নিষেধাজ্ঞার কারণে বন্দর এলাকার ভেতরে মিছিল-সমাবেশ করা হয়নি। তবে বন্দর এলাকার বাইরে কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।

টানা দুই দিন প্রতিদিন আট ঘণ্টা করে বন্দর কার্যক্রম বন্ধ থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন বন্দর ব্যবহারকারীরা। এদিকে পরিস্থিতির মধ্যে বন্দর কর্তৃপক্ষ বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীরসহ চারজনকে ঢাকার পানগাঁও আইসিটিতে বদলি করেছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top