সীতাকুণ্ড প্রতিনিধি: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এবারের নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তনের নির্বাচন নয়; এটি জাতির দিক পরিবর্তনের নির্বাচন। এটি জুলাই বিপ্লবের প্রত্যাশা পূরণের নির্বাচন এবং মা-বোনদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ার নির্বাচন।
তিনি বলেন, আগামীর বাংলাদেশ গড়বে যুবকরাই। কেউ যদি টাকা দিয়ে ভোট কিনতে আসে, তাদের আইনের হাতে তুলে দিতে হবে। আগে একটি স্লোগান ছিল—‘আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব।’ এবার তা হবে না। কেউ যদি একাধিক ভোট দিতে আসে, তার হাত গুটিয়ে দেওয়া হবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বীর চট্টলার একটি জেলা চট্টগ্রাম—যারা চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আজ বাংলাদেশ বলে দিয়েছে, আজাদি জেগে উঠেছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত জোয়ার উঠেছে। স্বাধীনতার পর সরকার এসেছে, সরকার গেছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি।
তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে যে আন্দোলন শুরু হয়েছে, সেই গাড়ি থেমে যাবে না। বাকিটা ইনশাআল্লাহ ১২ ফেব্রুয়ারি দেখা যাবে। অতি বিচক্ষণ ও সুশিক্ষিত শিক্ষার্থীরা রায় দিয়ে বুঝিয়ে দিয়েছে—তারা ধান্ধাবাজির পক্ষে নয়, তারা ইনসাফের পক্ষে। পাঁচটি বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে, ইনশাআল্লাহ আগামী ১২ তারিখ ৫৬ হাজার বর্গমাইলের ১৮ কোটি মানুষের পক্ষ থেকে সেটিই প্রতিফলিত হবে।
জামায়াত আমির বলেন, ১২ ফেব্রুয়ারি আমরা নিজেরা ‘হ্যাঁ’ ভোট দেব এবং দেশের জনগণকে ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করব। এ সময় তিনি সীতাকুণ্ডসহ আটটি আসনের প্রার্থীকে জনগণের সামনে পরিচয় করিয়ে দেন।
চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন শিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শাহজাহান, উত্তর জেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ আমিরুজ্জামান, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, উত্তর জেলা শ্রমিক সভাপতি ইউসুফ বিন আবু বকরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ আসনের প্রার্থী অ্যাডভোকেট ছাইফুর রহমান, চট্টগ্রাম-২ আসনের প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন, চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী, চট্টগ্রাম-৫ আসনের প্রার্থী নাসির উদ্দিন মনির, চট্টগ্রাম-৬ আসনের প্রার্থী শাহজাহান মঞ্জু, চট্টগ্রাম-৭ আসনের প্রার্থী ডা. এটিএম রেজাউল করিমসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ।
চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন





