চাটগাঁ নিউজ ডেস্ক: অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রাম সফরে যাচ্ছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। আগামীকাল শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিনের সফরসূচি ঘিরে ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সফরের বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে ঢাকায় থেকে একটি ফ্লাইটে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সকাল সাড়ে ১১টায় নগরের পাহাড়তলী থানার উত্তর কাট্টলীর নাজির বাড়ির পারিবারিক কবরস্থানে গিয়ে মা-বাবার কবর জিয়ারত করবেন অর্থমন্ত্রী।
এরপর জুমার নামাজ আদায় করবেন কদমতলী এলাকার মাদারবাড়ী জামে মসজিদে। দুপুর আড়াইটা থেকে বিকেল ৩টা পর্যন্ত মেহেদীবাগে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করবেন তিনি।
বিকেল ৩টায় একই স্থানে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বন্দর-সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন অর্থমন্ত্রী।
দিনব্যাপী কর্মসূচি শেষে রাত ৮টা ২৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।
চাটগাঁ নিউজ/এমকেএন





