দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মাদক নির্মূল করতে হবে: প্রতিমন্ত্রী

বান্দরবান প্রতিনিধি: শুধু মাদক নিয়ন্ত্রণ করলেই হবে না, দেশ ও সমাজকে রক্ষা করতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদক নির্মূলে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে জেলা পুলিশ আয়োজিত মাদকবিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই ধ্বংস করে না, এটি একটি পরিবার, সমাজ ও দেশের ভবিষ্যৎকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক নিয়ন্ত্রণে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না। পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরের মানুষকে সচেতন হতে হবে এবং মাদক নির্মূলে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও শিক্ষামূলক কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত করতে হবে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি মাদকের চাহিদা কমাতেও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

বান্দরবান জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ সুধী সমাবেশে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং, জেলা প্রশাসক সানিউল ফেরদৌস, পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, মাদকমুক্ত বান্দরবান গড়তে প্রশাসনের পাশাপাশি পরিবার ও সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদকের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হলে ভবিষ্যৎ প্রজন্মকে এই ভয়াবহ নেশার করাল গ্রাস থেকে রক্ষা করা সম্ভব হবে।

চাটগাঁ নিউজ/ইলিয়াস/এমকেএন

Scroll to Top